নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে দলটি। রবিবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।
এরপর তারা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ীতে জন্মগ্রহণ করা জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং দেশের সপ্তম রাষ্ট্রপতি হন।
দিবসটি উপলক্ষে সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়ার স্মরণে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। এছাড়া, দলের সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করছে।
জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণী দিয়েছেন। এতে তিনি মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।











