নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ রবিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
তিনি জানান, এদেশের ইতিহাসে জনগণের সংগ্রাম ও ত্যাগ অবিস্মরণীয়। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিগত প্রচেষ্টায় হয়নি, বরং শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষের একক লড়াইয়ের ফসল।
অধ্যাপক নাসির উদ্দিন আরও বলেন, অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের সঠিক বিচার ও পুনর্বাসন না হওয়া দুঃখজনক। অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত বিচারকাজ শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ত্যাগের প্রতি সম্মান জানাতে একটি নীতিমালা তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করা প্রয়োজন।
তিনি হুঁশিয়ারি দেন, জনগণকে স্বস্তি না দিলে তাদের ক্ষোভ নতুন সংকট তৈরি করবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করারও আহ্বান জানান এই শিক্ষক।











