জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এহসান মাহমুদ রচিত ‘বিচার, সংস্কার ও নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন গতকাল জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দিয়েছে। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট সনদে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা হয়েছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।”

ফখরুল বলেন, “বিভাজন বাড়ছে, জুলাই গণঅভ্যুত্থানকে জাতির কল্যাণে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। আমরা আমাদের অবস্থান ও দেশের উন্নয়নের পথ ঠিকভাবে নির্ধারণ করতে পারছি কি না, তা এখন ভাবা উচিত।”

তিনি ইতিহাসের উদাহরণ তুলে ধরে বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরের পাঁচ বছর ভয়াবহ স্বৈরাচারী সরকার ছিল। ১৯৭৫ সালের পরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। মিডিয়ার স্বাধীনতা, পার্লামেন্ট ফর্ম অব গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন—সবই বিএনপি প্রতিষ্ঠিত করেছিল।”

ফখরুল আরও উল্লেখ করেন, “বিএনপির বিরুদ্ধে সংস্কারের জন্য মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে। রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি ২০১৬ সালে ভিশন-২০৩০ ঘোষণা করেছিল এবং পরে ২৭ ও ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আমাদের জন্মই সংস্কারের মধ্য দিয়ে।”

তিনি জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান, “যেসব বিষয়ে আমরা একমত ছিলাম এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি, সেগুলোকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হোক। নির্বাচন হবে সেই সুপারিশের ভিত্তিতে, যার মাধ্যমে জনগণ নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে শাসন ফিরিয়ে আনবে।”