জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা: মাহমুদুর রহমানের আপিলের রায় ১০ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাত বছরের সাজার বিষয়ে আগামী ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণা করবেন আদালত। গতকাল, বৃহস্পতিবার ঢাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহিম মিয়ার আদালত শুনানি শেষে এই রায়ের তারিখ নির্ধারণ করেন।

মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেও পাঁচ দিন পর তিনি জামিন পান।

২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার তৎকালীন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলার রায় ঘোষণা করেন। আদালত রায়ে সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভূঁইয়া সহ পাঁচ জনকে সাত বছরের কারাদণ্ড দেন।

এই মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন এবং অন্যান্য আসামিরা মিলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন ঢাকার আদালতে সাক্ষ্য দেন।