টঙ্গির কিছু এলাকায় সভা-সমাবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

টঙ্গির কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত ১৮ ডিসেম্বর বিকেল ২ টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্ত জারিকৃত নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।”

এতে আরও বলা হয়, ১৭ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমা ময়দান নিয়ে তাবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছিল। পরে দুপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমা ময়দান খালি করার সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীতে ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছিল পুলিশ। তবে, ২ জানুয়ারি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে তাবলীগী মারকাজে সহাবস্থান বজায় রাখতে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের অনুরোধ জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একপক্ষ অন্যপক্ষের মারকাজে কোনো ধরনের বাধা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। রাজধানীর কাকরাইল মসজিদের ক্ষেত্রে এরআগে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি অনুসরণ করতে হবে।