নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিসের সদস্যদের দেখতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, দগ্ধ ও আহত ফায়ার সার্ভিস সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং প্রয়োজনে তাদের চিকিৎসায় অতিরিক্ত সহায়তা প্রদান করবে সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আহতদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হবে না। আমরা তাদের পাশে আছি। সবাইকে দোয়া করতে বলছি যেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে।”
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শরীরের ৪০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। গুরুতর আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল দুপুর ৩টার দিকে টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ওই দুর্ঘটনায় তারা দগ্ধ হন।











