নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটের দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুন লাগে।
এরপর সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় এবং আগুন নেভাতে ইউনিট পাঠায়।
টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা মডার্ন, মিরপুর, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আসা ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে আগুন নেভানোর কাজে সহায়তা করতে পানি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে।
আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা ওষুধ, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুনের তীব্রতা বিবেচনায় বিভিন্ন স্টেশনের কর্মীরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন বলে জানান তিনি।
আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে আগুনের সূত্রপাত কোথায় এবং কতটা এলাকায় ছড়িয়ে পড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।











