জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তেই ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা। এক পরিত্যক্ত পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে কূপে নেমে একই পরিবারের চার জনের মৃত্যু ঘটে। এতেই এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক এবং শোকের ছায়া।
আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- ওই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগল ছানা পরিত্যক্ত কূপে পড়ে গেলে প্রথমে উদ্ধার করতে নামে তার ছেলে নেইমার। দীর্ঘ সময় সাড়া না পেয়ে একে একে বাবুল হাদিমা, গাব্রিয়াল এবং রতনও কূপে নামেন। পরে সবাই নিখোঁজ হয়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেনহীন কূপে উদ্ধার অভিযান চালায়। পরে ফায়ার ফাইটাররা একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধারে নেমে একে একে পরিবারের আরও ৩ তিনজন মারা যান। কূপটি আনুমানিক ৯-১০ ফুট গভীর।
খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহগুলো পুলিশে হস্তান্তর করা হয়। নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। বাকি দুইজন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি বলেও উল্লেখ করেন তিনি।











