টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বন্যার শঙ্কা

জেলা প্রতিনিধি :

টানা তিন দিনের ভারী বর্ষণ এবং উজানের ঢলের কারণে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রবিবার (১ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপরে এবং কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।

সিলেট আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। শুধু সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শনিবার সন্ধ্যায় যেসব নদীর পানি বিপৎসীমার নিচে ছিল, রবিবার সকালে তা বিপৎসীমার অনেক ওপরে চলে গেছে। সুরমা ও কুশিয়ারা নদীর অন্যান্য পয়েন্টেও পানি দ্রুতগতিতে বাড়ছে।

পানির উচ্চতা বৃদ্ধির ফলে সিলেট নগরীর উপশহর, দক্ষিণ সুরমা ও আশপাশের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলেও পানি ঢুকেছে।

পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশন কন্ট্রোল রুম চালু করেছে এবং জেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

আবহাওয়াবিদরা আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।