টেলর সুইফটের প্রথম ভারত সফর

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা টেলর সুইফট প্রথমবারের মতো ভারতে পারফর্ম করতে আসছেন, এমন খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। জানা গেছে, ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির ছেলে জিৎ আদানি ও দিভা শাহের প্রি-ওয়েডিং পার্টির অনুষ্ঠানে পারফর্ম করতে টেলর সুইফটকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আদানি পরিবার এই বিয়ের অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে একটি জমকালো পরিবেশে, এবং তারা টেলর সুইফটকে এই অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব পাঠিয়েছে। যদিও শিল্পীর পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন।

এটি একটি বিশেষ মুহূর্ত, কারণ ভারতীয় মঞ্চে টেলরের এটি হবে প্রথম পারফরম্যান্স। তবে, এই ধরনের হাই প্রোফাইল বিয়ে বাড়িতে পারফর্ম করার প্রস্তাব নতুন নয়। গত বছর সংযুক্ত আরব আমিরাত থেকে টেলরকে ৯ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবটি নাকচ করে দেন তিনি। এখনও পর্যন্ত জানা যায়নি, টেলর কেন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।