ট্রলিং আর নেতিবাচকতায় ক্লান্ত সোনাক্ষী

অনলাইন ডেস্ক:

তারকাজীবনে খ্যাতি ও প্রশংসার পাশাপাশি সমালোচনা ও কটাক্ষের মুখোমুখি হওয়া নতুন কিছু নয়। তবে সামাজিক মাধ্যমে ক্রমাগত ট্রলিং ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে এবার নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে নিজের অভিজ্ঞতার কথা খোলাখুলি জানান ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী।

সোনাক্ষী বলেন, সামাজিক মাধ্যমে নেতিবাচকতার পরিমাণ দিন দিন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে একা একজন মানুষের পক্ষে এর বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব। তাঁর ভাষায়, “সবসময় নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি, কিন্তু এখন পরিস্থিতি এমন যে প্রতিনিয়ত লড়াই না করে এড়িয়ে যাওয়াই শ্রেয়। সোশ্যাল মিডিয়া খুললেই নেতিবাচকতা চোখে পড়ে—কত আর লড়বেন?”

তবে সব ক্ষেত্রেই নীরব থাকবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, কোনো মন্তব্য যদি অসহনীয় হয়ে ওঠে বা তাঁর পরিবারকে লক্ষ্য করে কটাক্ষ করা হয়, তাহলে তিনি অবশ্যই প্রতিবাদ করবেন। সোনাক্ষীর মতে, প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের এবং পরিবারের জন্য রুখে দাঁড়ানো উচিত।

বলিউড অভিনেত্রীদের মধ্যে ট্রলিংয়ের শিকার হওয়া নতুন নয়। চেহারা, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন—সব কিছু নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে সোনাক্ষী জানান, ‘দাবাং’ ছবির আগে প্রায় ৩০ কেজি ওজন কমানোর পরও তাঁকে শারীরিক গঠন নিয়ে কটাক্ষ সহ্য করতে হয়েছিল। সে সময়ই তিনি বুঝেছিলেন, যারা তাঁর পরিশ্রম দেখেনি, তাদের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

এই আত্মবিশ্বাসের জোরেই আজ নিজের অবস্থানে অনড় সোনাক্ষী সিনহা। উল্লেখ্য, গত বছর অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ট্রলের মুখে পড়ছেন তিনি। মাঝেমধ্যে স্বামী জাহির ইকবালসহ ট্রলারদের উপযুক্ত জবাব দিতেও দেখা যায় অভিনেত্রীকে।