ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে প্রধান উপদেষ্টা ও তাঁর কন্যা দিনা

ছবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এক সংবর্ধনা ও নৈশভোজে অংশ নিয়েছেন।

ঘটনাটি ঘটে ২৩ সেপ্টেম্বর (স্থানীয় সময়), তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছবি তুলেছেন ড. ইউনূস এবং তাঁর মেয়ে দিনা ইউনূস।

প্রেস বার্তায় জানানো হয়, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত অভ্যর্থনা ও নৈশভোজ অনুষ্ঠানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা ট্রাম্প হাসিমুখে গ্রহণ করেন বলে সূত্র জানায়।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে জাতিসংঘের একাধিক উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কার বিষয়ে একাধিক প্রস্তাব তুলে ধরেছেন।