ট্রাম্পের শুল্কারোপের হুমকির পর কানাডা ও মেক্সিকো প্রস্তুত: ট্রুডো

অনলাইন ডেস্ক:

কানাডীয় পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করলে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ট্রাম্প খুবই দক্ষ আলোচক, তিনি তার আলোচনার অংশীদারকে কখনো কখনো বিভ্রান্ত করতে চান।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের পরবর্তী দিনেই বেশ কিছু নির্বাহী আদেশে সই করতে পারেন, যার মধ্যে কানাডা ও মেক্সিকান পণ্যের ওপর শুল্কারোপের পরিকল্পনা রয়েছে। এমনকি ফেব্রুয়ারি মাস থেকেই এই শুল্ক কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে।

মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম শুল্কারোপের বিষয়ে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, তবে তিনি দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং “এখন পরবর্তী আনুষ্ঠানিক আলোচনার অপেক্ষায় রয়েছি।”

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, “আমেরিকান অর্থনীতির সমৃদ্ধি এবং সম্প্রসারণে কানাডীয় সম্পদ অপরিহার্য। আমেরিকা যে সমৃদ্ধির কথা বলছে, তাতে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অন্যদিকে, মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ট্রাম্পের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। তিনি বলেন, “আমরা মেক্সিকোর জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতার সুরক্ষা করব, যা আমাদের প্রধান দায়িত্ব।” তবে, তিনি মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের বিষয়ে কোনো হুমকি দেননি।

মেক্সিকোর পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী তার পাশেই দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি দেন, এবং শেইনবাউম বলেন, “মাথা ঠান্ডা রাখা সবসময় গুরুত্বপূর্ণ।”

গত অক্টোবরে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ক্লাউদিয়া শেইনবাউম। তিনি জানিয়েছেন, মার্কিন সরকারের কোনো শুল্কারোপের বিরুদ্ধে মেক্সিকো পাল্টা জবাব দিতে প্রস্তুত।