ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে দুঃখজনক খবর

অনলাইন ডেস্ক:

অ্যাভেঞ্জার্স সিরিজের সুপারহিরোদের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের জনপ্রিয়তা একেবারে আলাদা। দর্শকরা তার উপস্থিতি বেশ উপভোগ করেন। ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারবাচ এই চরিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তবে ভক্তদের জন্য কিছু দুঃখজনক খবর রয়েছে, কারণ শোনা যাচ্ছে, অ্যাভেঞ্জার্স সিরিজের পরবর্তী কিস্তিতে এই চরিত্রটি দেখা যাবে না।

এ ব্যাপারে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, যা সম্প্রতি নিজেই নিশ্চিত করেছেন বেনেডিক্ট কাম্বারবাচ। তিনি জানিয়েছেন, তার আইকনিক চরিত্র ডক্টর স্ট্রেঞ্জ পরবর্তী অ্যাভেঞ্জার্স সিনেমা ‘ডুমসডে’-তে উপস্থিত থাকছে না। তবে, ভক্তদের আশ্বস্ত করে তিনি জানান, আসন্ন ‘সিক্রেট ওয়ার্স’ সিক্যুয়েলে ডক্টর স্ট্রেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ভ্যারাইটির সঙ্গে এক সাক্ষাৎকারে কাম্বারবাচ জানান, যদিও ‘ডুমসডে’-তে তার চরিত্র নেই, তবে ভবিষ্যতে ডক্টর স্ট্রেঞ্জের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তিনি বলেন, “ডক্টর স্ট্রেঞ্জ মূল চরিত্র হতে পারে পরবর্তী কিছু গল্পে। ভক্তরা হয়তো অনেক বেশি উপভোগের সুযোগ পাবেন।”

এছাড়াও, কাম্বারবাচ ডক্টর স্ট্রেঞ্জের তৃতীয় সলো সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, “মার্ভেল অনেক পরিকল্পনা করছে ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে এবং তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আমি খুবই আগ্রহী। আমিও অপেক্ষা করছি। খুব শীঘ্রই কিছু হবে।”

এদিকে, অ্যাভেঞ্জার্সের আসন্ন ‘ডুমসডে’ সিনেমায় বিরতি কাটিয়ে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ফিরতে চলেছেন ক্রিস ইভান্স। সেইসাথে ‘এন্ডগেম’-এর পর আবারও ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের সিনেমা পরিচালনায় ফিরছেন জো এবং অ্যান্থনি রুশো ভাতৃদ্বয়।