নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন, উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
সাড়ে ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। কেউ ভোট দিয়ে কেন্দ্রে থেকে বের হচ্ছেন, আবার কেউ উৎসাহ নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
এ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝড় উঠেছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লেখেন, “ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ, এরপর সামনে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন।” তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে অভিহিত করে সবাইকে শুভেচ্ছা জানান।
তবে সমালোচনাও করেন ফারুকী। তার মতে, “সময়মতো কাজ না করাই জাতির বড় দুর্বলতা। দিনের আলোতে ভোট আয়োজন সম্ভব হলেও তা রাতের আঁধারে সেরে ফেলার প্রবণতা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই নির্বাচন নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।











