ডিজেলের বাড়তি খরচ: কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ফসল কাটার মৌসুমে ডিজেলের আকাশচুম্বী দামের চাপে থাকা কৃষকদের জন্য ৮ বিলিয়ন ডলারের বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার কানসাস অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচার সমাবেশে তিনি এই সহায়তার কথা জানান। দেশটির কৃষি বিভাগ ‘হারভেস্ট ফুয়েল রিলিফ প্রোগ্রাম’ নামে নতুন একটি কর্মসূচির মাধ্যমে কৃষকদের এই এককালীন আর্থিক সহায়তা প্রদান করবে।

সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের কৃষকদের ফসল কাটার মৌসুমে ডিজেলের বাড়তি খরচ সামাল দিতে কৃষি বিভাগ নতুন একটি কর্মসূচি চালু করছে। এই হারভেস্ট ফুয়েল রিলিফ প্রোগ্রামের আওতায় ৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।’

নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আকৃষ্ট করতে ট্রাম্প প্রশাসনের এটি সর্বশেষ বড় ধরনের আর্থিক প্রতিশ্রুতি। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, ইরান-ইসরায়েল উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা চাপের মুখে পড়েছে। বিশেষ করে গ্রামীণ ও কৃষিপ্রধান অঙ্গরাজ্যগুলোতে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া রিপাবলিকান পার্টি।

মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, সাময়িক বাজার অস্থিরতা এবং উৎপাদন উপকরণের বাড়তি ব্যয়ের চাপ কমাতে এই অর্থ বিতরণ করা হবে। ২০২৬ সালের ফসল উৎপাদন বছরের সম্ভাব্য ক্ষতির একটি অংশ পুষিয়ে দিতে ফার্ম সার্ভিস এজেন্সির মাধ্যমে কৃষকদের আনুপাতিক হারে এই সহায়তা দেওয়া হবে। এর আগে চলতি মাসের শুরুতে করমুক্ত ডিজেল প্রাপ্যতা বাড়াতে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কৃষকদের সহায়তার পাশাপাশি রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এছাড়া মেডিকেয়ারের আওতাভুক্ত ২ কোটির বেশি নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই ব্যয়বহুল পরিকল্পনাগুলো নিয়ে অর্থনীতিবিদ ও খোদ রিপাবলিকান দলের অনেক সদস্যের মধ্যেই সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে।