নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বলেন, “বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।”
প্রেসসচিব জানান, সেদিন প্রধান উপদেষ্টা জাতিসংঘে সামাজিক ব্যবসা (Social Business) বিষয়ে আইএমএফের এক বৈঠকে বক্তব্য রাখেন। পরে আরেকটি অনুষ্ঠানে অংশ নেন। এদিন তাঁকে এসডিজি অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে, যা আরও দুইজন পেয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ মোটামুটি নির্বাচনের জন্য প্রস্তুত।” যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে সার্ক পুনরুজ্জীবন, নেপাল-ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আসিয়ানের সদস্যপদ অর্জন নিয়ে আলোচনা হয়। প্রেসসচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে এবং সার্জিও গোর সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়গুলো অবহিত করবেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। কাছেই অবস্থান করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।











