ডেঙ্গুতে মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৭১

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫৯ জনেই অপরিবর্তিত রয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন ২৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮০ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫৪০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৮১ জন।

 

এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ২৬ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জন মারা যান। মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

তবে জুলাই মাসে পরিস্থিতির অবনতি হয়। ওই মাসের ৩১ দিনে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা বছরের প্রথম ছয় মাসের মোট মৃত্যুর প্রায় দ্বিগুণ।

 

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, টানা তিন দিন ধরে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সর্বশেষ রোববার (৩ আগস্ট) তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।