নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। আগস্টের প্রথম পাঁচ দিনে দেশে এসেছে ৬০ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৭ শতাংশ বেশি। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট ৬০২ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে শুধু ৪ ও ৫ আগস্ট, এই দুই দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক বলছে, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হচ্ছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামষ্টিক অর্থনীতিতেও।











