অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও, সাতজন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রোগী রয়েছেন।
এছাড়া, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট এক হাজার ১৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৬১.৬ শতাংশ পুরুষ এবং ৩৮.৪ শতাংশ নারী। ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট এক হাজার ১৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন মৃত্যুবরণ এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।
এদিকে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।











