নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে তিনটি অর্থবছরের জন্য গ্রামীণ কল্যাণকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের দাবিকৃত এই কর নিয়ে আপত্তি জানিয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে পৃথক রিট করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত এসব রিটের ওপর রুল জারি করেন। শুনানি শেষে বৃহস্পতিবার সেই রুল খারিজ করে এনবিআরের দাবির পক্ষে রায় দেন হাইকোর্ট।
এর ফলে রিট খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের পথ তৈরি হলো।
মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে দেওয়া একটি রায় হাইকোর্ট স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। পুনর্মূল্যায়ন ও শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ রুল খারিজ করে নতুন করে রায় দেন।
গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের কর দাবি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হওয়ার পর দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি এই পর্যায়ে আসে। বৃহস্পতিবারের রায়ের ফলে এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ বহাল হলো।











