ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা: ব্যারিস্টার মামুন

নিজস্ব প্রতিবেদক:

ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ বা কর সংক্রান্ত মামলা প্রত্যাহারের খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনো হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে কোনো কর মওকুফ বা মামলা প্রত্যাহারের ঘটনা ঘটেনি।

 

মঙ্গলবার (১৪ জুলাই) হাইকোর্টে আয়োজিত এক ব্রিফিংয়ে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তিভিত্তিক প্রাপ্ত মুনাফার ওপর গ্রামীণ কল্যাণ ১৫ শতাংশ হারে উৎসে কর পরিশোধ করেছে। কিন্তু ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার তার এখতিয়ারের বাইরে গিয়ে একই অর্থের ওপর পুনরায় ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন।

 

তিনি জানান, ওই কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ দুটি রিট আবেদন করেছে। মামলাগুলো বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে। ফলে কর মওকুফ বা মামলা তুলে নেওয়ার যে তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

 

ব্যারিস্টার মামুন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জানান, গ্রামীণ কল্যাণসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোম্পানি আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত অলাভজনক সংস্থা এবং এসব প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিমালিকানা নেই।

 

তার ভাষ্য, এ কারণে ড. ইউনূসের নামে কর ফাঁকি, ৬৬৬ কোটি টাকা কর মওকুফ কিংবা কর সংক্রান্ত মামলা প্রত্যাহারের যেসব দাবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ গুজব এবং বিভ্রান্তিকর।