ঢাকায় শোবিজ অঙ্গনের ১৭ তারকার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ভাটারা থানায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ১৭ জন শোবিজ তারকার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওনসহ শোবিজের আরও বেশ কয়েকজন তারকা।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, এই মামলার বাদী এনামুল হক নামক এক ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন, গত মার্চে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় তার ওপর গুলি চালানো হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। মামলায় বাদী আরও দাবি করেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের ২৮৩ জন সদস্য এবং আরো ৩-৪ শত অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে শোবিজ অঙ্গনের ১৭ তারকা এই সহিংস ঘটনায় জড়িত।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত তারকারা আন্দোলন দমনে অর্থ ও প্রভাব ব্যবহার করেছেন এবং সরকারপক্ষের সহিংস পদক্ষেপে সহায়ক ভূমিকা পালন করেছেন। বিশেষভাবে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি আওয়ামী লীগের পক্ষে অর্থ যোগান দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে সরাসরি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে।

বাদী এনামুল হক তার অভিযোগে আরও বলেন, আন্দোলন দমনে সহায়তাকারীদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

ভাটারা থানার ওসি জানিয়েছেন, আদালতের নির্দেশে মামলাটি তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে এবং বর্তমানে এটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হচ্ছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই মামলা সম্পর্কে শোবিজ অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে চলছে তীব্র বিতর্ক। কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে দেখছেন, আবার কারও মতে, তারকাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নিয়েও ভাবা উচিত।

আসামি ১৭ তারকা: অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান, সাইমন সাদিক, আজিজুল হাকিম সহ মোট ১৭ জন শোবিজ তারকা।