ঢাকা আদালতে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা মহানগর আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন।

এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম বাসসকে নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক ছাড়াও শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ৫০ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ রেহানার বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনা, শেখ রেহানা এবং আরও ১৫ জনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

এছাড়া, ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা সহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে ১৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। টিউলিপ, শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে তদন্তকারীরা উল্লেখ করেছেন, শেখ রেহানা, তার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক রাজউকের প্রকল্পসমূহে প্লট বরাদ্দের জন্য নির্ধারিত ফরমে কোনো আবেদন করেননি। টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ এবং প্রভাব বিস্তার করেন।