নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশ রবিবার (২৪ আগস্ট) যান চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সরকার একটি বহুমুখী পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে, যেখানে সড়ক, রেল ও নৌপথ একসঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হবে এবং প্রয়োজন অনুসারে প্রতিটি মাধ্যমকে গুরুত্ব দেওয়া হবে।
ফাওজুল কবির খান বলেন, ভুমি অধিগ্রহণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া হওয়ায় অন্যান্য পরিবহন ব্যবস্থায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি দেশের দক্ষ প্রকৌশলীদের অভাবে বিদেশীদের ওপর নির্ভরতার বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের দেশের বুয়েট থেকে প্রতিবছর হাজার হাজার ইঞ্জিনিয়ার স্নাতক হলেও তারা দেশেই কাজ পাচ্ছে না।
উপদেষ্টা আরও বলেন, আশেপাশের দেশের তুলনায় আমাদের সড়কের নির্মাণ ব্যয় অনেক বেশি এবং এটি দুর্নীতির বড় একটি ক্ষেত্র। এই ব্যয় ও দুর্নীতির পরিমাণ কমানো গেলে নির্মাণ খরচ ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে মহাসড়কের টোল প্লাজা ও প্রকল্প উদ্বোধন করা হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন চৌধুরী, পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা বাইপাস সড়ক প্রকল্পটি পিপিপি ভিত্তিতে জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ সড়ককে ৪-লেনে উন্নীত করার প্রকল্প। সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে সংযুক্ত করবে এবং যাতায়াতের সময় ও দূরত্ব কমাবে।
প্রকল্পের প্রধান পরিচালন কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ জানান, এই সড়ক চালু হলে পণ্যবাহী যানবাহন দ্রুত ও নিরাপদে চট্টগ্রাম বন্দরের সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের বিভাগগুলোকে সংযুক্ত করতে পারবে, যা ঢাকায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাবে।










