ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: তিন আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তিন আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই আদেশ দেন। রিমান্ডে পাঠানো তিন আসামি হলেন— মো. তামিম হাওলাদার, পলাশ সরদার এবং সম্রাট মল্লিক।
বৃহস্পতিবার (১৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শনিবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আদালত। এদিন আসামিদের আদালতে হাজির করা হলেও তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৩ মে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার আলম সাম্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন এবং ছাত্রদলের হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
পরদিন ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই দিনই তিনজনকে গ্রেপ্তার করে। ১৫ মে তাদের কারাগারে পাঠানো হয় এবং পরে তাদের রিমান্ড আবেদন করা হয়।
