ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: জড়িত সন্দেহে তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর জানান, ঘটনার পরপরই শাহবাগ থানার একাধিক টিম অভিযানে নামে এবং শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাম্য হত্যায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও অন্যান্য জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেল সংঘর্ষের জেরে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে এক দুর্বৃত্ত শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
