তরুণ প্রজন্মের স্বপ্ন নতুন পৃথিবী গড়ার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

বাংলা একাডেমিতে বৃহস্পতিবার অমর একুশ-২০২৫ পদক বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের চেয়ে দুঃসাহসী। তারা শুধু নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় না, তারা একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী গড়তে চায়। তারা নেতৃত্ব দিতে চায় এবং সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত।”

ড. ইউনূস আরও বলেন, তরুণরা একটি নতুন সভ্যতা গড়তে চায়, যেখানে পৃথিবীর সব সম্পদে প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি, তাদের লক্ষ্য হলো প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করা। তিনি বলেন, এই সভ্যতার মূল উদ্দেশ্য হবে পৃথিবীর অস্তিত্ব ক্ষতিগ্রস্ত না হওয়ার পাশাপাশি পৃথিবী ও তার সকল প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করা।

বিবৃতিতে, প্রধান উপদেষ্টা দেশের বরেণ্য ব্যক্তিত্বদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজ যারা একুশে পদকে ভূষিত হয়েছেন, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। আপনারা জাতির পথপ্রদর্শক। আপনাদের অবদানে জাতি উন্নতির পথে এগিয়ে যাবে।”

এছাড়া, তিনি গত বছরের ৫ আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান উল্লেখ করে বলেন, “এই বিজয়ের মাধ্যমে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশের নির্মাণের সুযোগ এখন আমাদের হাতে।” তিনি শহীদদের স্মরণ করে বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছিলেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না।

অধ্যাপক ইউনূস বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক এবং আমাদের স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ।” তিনি আরও বলেন, “আজ আমরা অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল।”

তিনি তরুণদের স্বপ্ন বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে বলেন, “এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপনের স্মরণীয় দিনে আমরা তরুণদের এই স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত হোক।”