অনলাইন ডেস্ক:
বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার সৃষ্টি হয় তামিম ইকবাল এবং সাব্বির রহমানের মধ্যে। এই ঘটনায় তামিম ও সাব্বিরের মধ্যে তর্ক-বিতর্ক এবং উত্তেজনা দেখা যায়, যা ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দেয়। তবে সাব্বির রহমান জানিয়েছেন, এই ঘটনাটি মাঠের মধ্যেই শেষ হয়ে গেছে এবং তার তামিমের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে।
ঘটনাটি ঘটে বরিশালের ইনিংসের নবম ওভারে, যখন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তামিম ইকবাল ও ডেভিড মালান ব্যাটিং করছিলেন। ওই ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে সাব্বির বাউন্ডারিতে দাঁড়িয়ে বলটি আটকান, তবে সেটি সরাসরি উইকেটরক্ষককে না দিয়ে ফেলে দেন, যা “ফেইক ফিল্ডিং” হিসেবে বিবেচিত হয়। তামিম এতে ক্ষিপ্ত হয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলেন, “বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।” এরপর কিছু বাক্য বিনিময় হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও ফিল্ড আম্পায়াররা দ্রুত এগিয়ে আসেন।
এ বিষয়ে সাব্বির রহমান বেসরকারি চ্যানেল সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “মাঠের মধ্যে যে ঘটনাই হোক তা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার বড় ভাই, সম্মানিত বড়ভাই এবং কিংবদন্তী ক্রিকেটার। এমন ক্রিকেটার বাংলাদেশে আসবে না আমি জানি। হিট অফ দ্যা মোমেন্ট এমন হয়ে গেছে, কিন্তু ছোট ভাই হিসেবে আমি কিছু মনে করিনি। উনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, উনার সাথে আমার সম্পর্ক সবসময়ই ভালো থাকবে।”
এভাবে সাব্বির রহমান তার সতীর্থ তামিম ইকবালের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন এবং বলেন যে, মাঠে ঘটে যাওয়া এই ঘটনা এখন অতীত।











