অনলাইন ডেস্ক:
বিশ্বব্যাপী জনপ্রিয় শো ‘ফ্যামিলি ফিউড’ এবার বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে। আগামী সোমবার থেকে এনটিভিতে প্রচারিত হবে পারিবারিক বিনোদনের এই শোটি, এরপর দর্শকরা এটি দেখতে পারবেন বঙ্গ অ্যাপে। এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
এ বিষয়ে গতকাল বুধবার সকালে রাজধানীর রূপসী হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে জানানো হয়, বিশ্বজুড়ে লাখো মানুষের মন জয় করা এই অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানটির মাধ্যমে সকল বয়সী দর্শকরা উপভোগ করতে পারবেন নানা রকম স্মরণীয় এবং আনন্দময় মুহূর্ত।
তাহসান খান শোটির সঞ্চালক হিসেবে সম্পূর্ণ নতুন ভূমিকায় আসছেন। শোতে অংশগ্রহণকারী পরিবারগুলোর সদস্যদের সঙ্গে তিনি সহজেই মিশেছেন, তাদের গল্প শুনেছেন এবং পুরো পর্বজুড়ে তাকে দারুণ উচ্ছ্বসিত দেখা গেছে। এই শোতে তাহসান দর্শকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতার সৃষ্টি করবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদসহ বঙ্গের উর্ধতন কর্মকর্তারা। তাহসান খান বলেন, “৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করা ‘ফ্যামিলি ফিউড’ এবার বাংলাদেশে এসেছে। আমি এই আন্তর্জাতিক শো-এ হোস্টিং করতে পেরে সম্মানিত ও আনন্দিত। এই শোটি আমাদের সংস্কৃতির সাথে মানানসই, এবং এটি পারিবারিক সম্পর্ক ও বন্ধনের গুরুত্ব তুলে ধরে।”
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এ থাকছে ২৪টি পর্ব, যেখানে প্রতি পর্বে দুটি পরিবার মুখোমুখি হবে এবং তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করতে পারবে, সাথে থাকবে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম খেলার সুযোগ পাবে ফাস্ট মানি নামের বোনাস রাউন্ডে।
এছাড়া, শোতে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড, যেখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় তারকারা যেমন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ এবং মারিয়া কিসপট্টার, যা শোটি আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।











