তাহসানের নতুন জীবনের শুরুতে মিথিলার পুরোনো সাক্ষাৎকার ভাইরাল

অনলাইন ডেস্ক:

নতুন বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করে তিনি নতুন জীবনে পা রেখেছেন। তাহসানের এই বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর মিথিলার পুরোনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়ে উঠেছে, যেখানে তিনি তাদের মেয়ে আয়রাকে বড় করে তোলার পেছনে মা-বাবার ভূমিকা নিয়ে আলোচনা করেছিলেন।

তাহসান ও মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে, আয়রার অভিভাবকত্ব তারা যৌথভাবে পালন করছেন, এবং মিথিলার কাছে মেয়েটি বেশিরভাগ সময় থাকলেও তাহসানের সঙ্গেও সুযোগ পেলেই সময় কাটায়।

মিথিলা তার মেয়েকে নিয়ে ঢাকায় থাকতে পছন্দ করেন, যদিও ম্বশুরবাড়ি কলকাতায়। তিনি বলেন, “আফ্রিকায় একটা কথা আছে, একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন।” তিনি বিশ্বাস করেন যে, সন্তান বড় করার ক্ষেত্রে পরিবার ও বন্ধুদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথিলা আরও বলেন, “মেয়েকে কখনও বিদেশে পাঠাতে চাই না, কারণ তার স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবা-মায়ের মধ্যে যে অসহায়ত্ব কাজ করে, তা অনুভব করি।”

মিথিলা বার বার বলেছেন, তাহসানের সঙ্গে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। তিনি মনে করেন, সন্তানের মানসিক স্বাস্থ্য আগে দেখতে হবে এবং এ কারণে তাহসানের সঙ্গে তার সম্পর্ক এখনও ভালো রয়েছে।