জেলা প্রতিনিধি:
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ২২ সেন্টিমিটার উচ্চতায় রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।
ডালিয়া পাউবোর পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে পানির প্রবাহ বাড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ী ইউনিয়নের অন্তত ১৫টি চর প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নদীর পানিতে বাড়িঘর ও ফসলের জমি ডুবে গেছে।
ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ব্যারেজের সব জলকপাট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”











