জেলা প্রতিনিধি :
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে গেছে। পানি নিয়ন্ত্রণে রোববার (১ জুন) সকালে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার, যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে (বিপৎসীমা ৫২.১৫ মিটার)।
তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীটির তীরে রয়েছে অন্তত ৭৬টি চর, যেখানে হাজার হাজার মানুষ নিচু জমিতে বসবাস করেন। ফলে দ্রুত প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন তারা।
চর ডাউয়াবাড়ী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “বন্যা এলে সবকিছু শেষ হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে মাঠের ফসল, গরু-ছাগল, বাড়ির জিনিস সব ভেসে যায়। এবারও ভয়ে আছি।”
তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, এখনো সরাসরি বন্যার সম্ভাবনা নেই। তা সত্ত্বেও পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন।
তিস্তা ব্যারাজের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, “গত কয়েকদিন ধরে তিস্তার পানি বেড়ে চলেছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।”
স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নদী তীরবর্তী জনগণকে সজাগ থাকতে বলা হয়েছে।











