তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলো অন্যতম আসামি স্বাধীন
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার ঘটনায় গ্রেফতারকৃত স্বাধীন নামে এক আসামি হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১ এর গাজীপুর কোম্পানির কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন স্বীকার করেছে যে, সে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। র্যাবের দাবি, সাংবাদিক তুহিন একটি ছিনতাইয়ের দৃশ্য ভিডিও ধারণ করেছিলেন, সেই কারণেই তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, তারা বর্তমানে বাসন থানায় রয়েছেন।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান তুহিন ছিলেন দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
