তৃতীয় দিনের মতো শহীদ মিনারে বেসরকারি শিক্ষকদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক:

মূল বেতনের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা—এই তিন দাবিতে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন—
‘২০ পার্সেন্ট বাড়িভাড়া দিতে হবে, দিয়ে দাও’,
‘অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে, দিয়ে দাও’,
‘১৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে হবে, দিয়ে দাও’,
‘শিক্ষকদের ওপর হামলা কেন? বিচার চাই, করতে হবে’—ইত্যাদি।

শিক্ষকদের দাবি আদায়ে কঠোর অবস্থান তুলে ধরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আজ দুপুরের মধ্যে দাবি না মানলে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করব। আজও সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”

ভোলার বোরহানউদ্দিন উপজেলার শিক্ষক বেলায়েত হোসেন বলেন, “আমরা আর আশ্বাসে ফিরবো না। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণিকক্ষে ফিরব—ইনশাআল্লাহ।”

তিনটি প্রধান দাবি:

মূল বেতনের ২০% বাড়িভাড়া প্রদান

প্রতি মাসে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা

৭৫% উৎসব ভাতা বাস্তবায়ন