অনলাইন ডেস্ক:
থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। পরে অভিযুক্ত শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সূত্র রয়টার্স।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানী ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ডেবসিরিন ননতাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।
ননতাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডেচরাপি কংদি রয়টার্সকে জানান, গুলিতে একজন শিক্ষক নিহত হয়েছেন এবং হামলাকারী শিক্ষার্থী পরে আত্মহত্যা করেছে।
১৮ বছর বয়সী এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, প্রথমে তিনি গুলির শব্দকে আতশবাজি বা কোনো কিছু আঘাত করার শব্দ বলে মনে করেছিলেন। তিনি বলেন, ‘প্রথমে বুঝতেই পারিনি এটি গুলির শব্দ। একের পর এক গুলি চলছিল ঠাস, ঠাস, ঠাস। এরপর কিছুক্ষণ নীরবতা নেমে আসে। তারপর আবার গুলি শুরু হয়।’
জরুরি সেবাকর্মীদের প্রকাশিত ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা দ্রুত স্কুল ভবন থেকে বেরিয়ে আসছে এবং ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি ছবিতে একজনকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়, আরেকজনকে চিকিৎসাকর্মীরা সেবা দিচ্ছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে ডেবসিরিন ননতাবুরি স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক কর্মরত ছিলেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় একজন শিক্ষক নিহত এবং একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন।











