দক্ষিণ চীন সাগরে উত্তেজনা: ফিলিপাইনকে শান্তির বার্তা দিল চীন

অনলাইন ডেস্ক:

দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি বজায় রাখতে ফিলিপাইনকে আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় টাইফুন নামের মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করেছে তারা। চীনের মতে, এই সিদ্ধান্ত অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়াবে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

টাইফুন নামের মার্কিন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত, যা চীনা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চলতি বছরের শুরুতে এটি যৌথ মহড়ার জন্য ফিলিপাইনে মোতায়েন করা হয়েছিল। ফিলিপিনো প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো মঙ্গলবার বলেন, টাইফুন মোতায়েন ‘বৈধ ও আইনসম্মত’। একইসঙ্গে সেনাপ্রধান রয় গ্যালিডো জানান, ফিলিপাইন নিজস্ব মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের পরিকল্পনা করছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “টাইফুন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ফিলিপাইন নিজের নিরাপত্তা অন্যদের হাতে সমর্পণ করেছে।” তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা এবং ভূ-রাজনৈতিক সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তুলবে।

মাও নিং আরও উল্লেখ করেন, “আমরা ফিলিপাইনকে পরামর্শ দিচ্ছি, কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা হলো নিরাপত্তা রক্ষার সঠিক পন্থা। চীন নিজের নিরাপত্তা স্বার্থ হুমকির মুখে পড়লে কখনও নীরব থাকবে না।”

দক্ষিণ চীন সাগরে মালিকানা দাবি নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক সম্পর্ক আরও জোরদার হওয়ায় এই অঞ্চলের উত্তেজনা বেড়েছে।

চীনের সতর্কবার্তা সত্ত্বেও ফিলিপাইন তাদের মহড়া অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। তবে এ বিষয়ে ফিলিপাইন দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।