দক্ষিণ ফ্লোরিডায় ছোট বিমান বিধ্বস্তে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক:

দক্ষিণ ফ্লোরিডার বোকা র‍্যাটনের কাছে একটি প্রধান আন্তঃরাজ্য মহাসড়কের পাশে সেসনা ৩১০ মডেলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি বোকা র‍্যাটন বিমানবন্দর থেকে ফ্লোরিডার টালাহাসির উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি ভূপাতিত হয়।

বোকা র‍্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং এর কুণ্ডলি মহাসড়কের পাশের একটি গাড়িকে আঘাত করে। এতে গাড়িতে থাকা একজন ব্যক্তি আহত হন এবং রেললাইনের ওপরে পড়ে যানবাহনটি।

বিধ্বস্ত বিমানে থাকা তিনজনই ঘটনাস্থলে নিহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পর বোকা র‍্যাটন বিমানবন্দর ও এর আশপাশের ইন্টারস্টেট ৯৫ মহাসড়কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বোকা র‍্যাটনের মেয়র স্কট সিঙ্গার এক বিবৃতিতে বলেন, “আমরা গভীরভাবে দুঃখিত যে আজ আমাদের এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ঘটনাটির পূর্ণ তদন্ত চলছে এবং আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি), সহযোগিতা করছে এফএএ।

উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। জানুয়ারিতে ওয়াশিংটনের কাছে মাঝ আকাশে সংঘর্ষে ৬৭ জন নিহত হন, ফেব্রুয়ারিতে সিয়াটল বিমানবন্দরে একটি বিমান আরেকটিকে ধাক্কা দেয় এবং মার্চে ডেনভারে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে ১২ জন আহত হন।