অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে ২৪ জন নিহত এবং এক লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই দুর্যোগে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর, যা হলিউডের কেন্দ্র, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু হলিউড তারকা এই দাবানলে তাদের বাড়ি হারিয়েছেন।
‘ব্রেইভহার্ট’ ও ‘ম্যাড ম্যাক্স’ খ্যাত অভিনেতা মেল গিবসন টেক্সাসে একটি পডকাস্টে কথা বলার সময় জানতে পারেন, তার হলিউডে থাকা বাড়িটি দাবানলে পুড়ে গেছে। তিনি বলেন, “এখন সব কিছুই ছাই হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমি সেখানে ছিলাম, এই ‘জিনিসপত্রের বোঝা’ থেকে মুক্তি পেলাম।”
‘সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ও ‘দ্য ফাদার’ ছবির জন্য অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স তার দুটি বাড়ি হারিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “এখন শুধু নিজেদের ভালোবাসাটুকুই রয়ে যাবে।”
আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ তারকা, ৭৬ বছর বয়সী কৌতুক অভিনেতা বিলি ক্রিস্টাল ১৯৭৯ সাল থেকে তার স্ত্রী জ্যানিসের সঙ্গে যে বাড়িতে বসবাস করছিলেন, সেটিও দাবানলে পুড়ে গেছে। তিনি জানান, এই বাড়িতেই তাদের সন্তান ও নাতি-নাতনিরা বড় হয়েছে।
‘ক্রেজি হার্ট’ ছবির জন্য অস্কারজয়ী অভিনেতা জেফ ব্রিজেস মালিবুতে তার বাড়ি হারিয়েছেন। তিনি ‘দ্য বিগ লেবস্কি’ ও ‘আইরন ম্যান’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও ব্যবসায়ী প্যারিস হিলটন মালিবু সৈকতের কাছাকাছি অবস্থিত তার বাড়ি হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, “এটা কত হৃদয়বিদারক তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি টিভিতে সরাসরি এই ধ্বংসযজ্ঞ দেখেছি।”
এছাড়া, ‘টপ গান: মেইভরিক’ তারকা মাইলস টেলার, ‘শিটস ক্রিক’ তারকা ইউজিন লেভি, ‘দিস ইজ আস’ তারকা ম্যান্ডি মুর, মিলো ভেন্টিমিলিয়া, এবং অভিনেতা অ্যাডাম ব্রডিওও এই দাবানলে তাদের বাড়ি হারিয়েছেন।











