অনলাইন ডেস্ক:
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির আজ এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয় যে, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।
দিলীপ আগারওয়ালাকে আরো ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
এ ছাড়া তার ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনসহ সর্বমোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ ২০২৫ সালের ৮ অক্টোবর এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করে।
ফের রিমান্ডে দিলীপ আগারওয়ালা
আবেদনে আরও বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালা বর্তমানে গুলশান থানায় দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। দুদকের মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।











