অনলাইন ডেস্ক:
এল ক্লাসিকোর আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে মহা মর্যাদার এই ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারছেন না দলের তারকা গোলকিপার থিবো কোর্তোয়া। তার অনুপস্থিতিতে দলে ডাকা হয়েছে ১৯ বছর বয়সী ইউক্রেনীয় গোলকিপার ইলিয়া ভোলোশিনকে।
আজ (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে কোর্তোয়ার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন বেলজিয়ান এই গোলরক্ষক। তার অসুস্থতাকে ফ্লুর মতো উপসর্গ বলে উল্লেখ করেছে ক্লাবটি।
কোর্তোয়ার অনুপস্থিতি রিয়ালের জন্য বড় ধাক্কা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে গোলপোস্টের নিচে তার অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। এখন আন্দ্রি লুনিন ও তরুণ ভোলোশিনের ওপর ভরসা রাখতে হবে জোসে মরিনহোর।
অন্যদিকে, দারুণ ছন্দে আছে বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম নয় ম্যাচের সব কটিতেই জিতেছে কাতালান ক্লাবটি। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার লক্ষ্য টানা দশম জয় তুলে নেওয়া।
১৯৬৮-৬৯ মৌসুমে প্রথম দশ লিগ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ বার্সেলোনার সামনে।
শুধু বেলজিয়ান গোলকিপার কোর্তোয়ায় নন; এল ক্লাসিকোয় ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকেও পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের চুল টেনে ধরা এবং লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণের কারণে চার ম্যাচের নিষোধাজ্ঞা কাটাচ্ছেন ভিনি।
ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।











