অনলাইন ডেস্ক:
বলিউডে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শুটিং সেটে ‘৮ ঘণ্টার শিফট’ বিতর্ক। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানোর পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এবার এই ইস্যুতে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি।
সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, অতিরিক্ত কাজ বা ‘বার্নআউট’ কোনো শিল্পের জন্যই মঙ্গলজনক নয়। শুটিংয়ের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অতিরিক্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হয় না। বার্নআউট কারো উপকার করে না।” ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেন— মর্যাদা, ভারসাম্য এবং সম্মান।
সাক্ষাৎকারে মাতৃত্ব এবং শারীরিক গঠন নিয়েও কথা বলেন কিয়ারা। তিনি জানান, সন্তান জন্মদানের পর নিজের শরীরের প্রতি তাঁর সম্মান আরও বেড়েছে। ভবিষ্যতে শরীরের গঠন যেমনই হোক না কেন, তিনি একে সবসময় শ্রদ্ধা করবেন বলে দৃঢ়ভাবে জানান।
উল্লেখ্য, নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবির শুটিংয়ে দিনে ৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তাঁর এই শর্ত মেনে না নিয়ে তাকে ছবি থেকে বাদ দেওয়া হলে শুরু হয় তুমুল আলোচনা। দীপিকা পরে জানিয়েছিলেন, নারী হিসেবে নিজের শরীরের স্বাস্থ্যের কথা ভেবে নেওয়া এই সিদ্ধান্তে তিনি অটল থাকবেন। কিয়ারার সাম্প্রতিক মন্তব্য দীপিকার সেই অবস্থানকেই পরোক্ষভাবে সমর্থন করছে বলে মনে করছেন নেটিজেনরা।











