দুই উপলক্ষে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই পৃথক উপলক্ষে ভারতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। একটি দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতে। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।

 

জয়সোয়াল বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।

 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের বিষয়েও কথা বলেন জয়সোয়াল। তিনি ওই বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

ব্রিকস সম্মেলনের আমন্ত্রণের বিষয়ে জয়সোয়াল বলেন, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। এরই অংশ হিসেবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

 

গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

 

তবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কবে ভারতে যাবেন, সে বিষয়ে মঙ্গলবারের ব্রিফিংয়ে কোনো সময়সূচি জানানো হয়নি।

 

এদিকে ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, এর আগে এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

 

হাদির মামলার বিষয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার অংশ এবং এ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি