দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, রদবদল দুই কর্মকর্তাকেও

নিজস্ব প্রতিবেদক:

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরও দুজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রশাসনিক এই রদবদল করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এদিকে বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা। আর এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।