জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের পতেঙ্গায় দেশে এই প্রথম সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) । শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে নির্মিত এ ট্র্যাক সাইকেল চালকদের নিরাপদ চলাচলের সুযোগ তৈরির পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াত ও শরীরচর্চায় উৎসাহ জোগাবে।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ২ কিলোমিটার। এতে সাইকেল ট্র্যাকের পাশাপাশি ফুটপাত, সড়কের মাঝখানে বিভাজক এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল চালানো শুধু বিনোদনের বিষয় নয়। অনেক মানুষ সাইকেলে করে অফিসে যাতায়াত করেন এবং দৈনন্দিন কাজ করেন। তাঁদের নিরাপদ চলাচলের জন্য আলাদা জায়গা থাকা প্রয়োজন।
তিনি বলেন, নাগরিকদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়। একটি সভ্য ও উন্নত দেশে সাধারণ মানুষের এসব চাহিদা পূরণ করতে হয়। সবার জন্য চলাচলের উপযুক্ত জায়গা তৈরি করা প্রয়োজন।
অর্থমন্ত্রী আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সাইকেল চালানো শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী হলেও নিরাপদ পথের অভাবে অনেকে রাস্তায় সাইকেল চালাতে পারেন না।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে আরও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এতে মানুষ সাইকেলে যাতায়াতের পাশাপাশি বিনোদন ও শরীরচর্চার সুযোগ পাবেন।
নগরে হাঁটার উপযোগী পথ তৈরির ওপরও গুরুত্ব দেন আমীর খসরু। তিনি বলেন, জায়গার অভাবে অনেকেই হাঁটতে পারেন না। তাই যেখানে সম্ভব, সেখানে হাঁটার পথ নির্মাণ করা প্রয়োজন। বিশেষ করে খালের দুই পাশে হাঁটার রাস্তা তৈরির জন্য তিনি সিটি করপোরেশনের মেয়রকে অনুরোধ করেছেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করতে পেরে তাঁরা গর্বিত। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব এবং আধুনিক যাতায়াতব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র জানান, ট্র্যাকটির দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এর দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে হাঁটার পথ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়ন করা হয়েছে। সড়কের এক পাশে সাইকেল ট্র্যাক ও সৌন্দর্যবর্ধিত হাঁটার পথ, দুই পাশে ফুটপাত এবং মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।











