নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের বাসিন্দা। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৪১৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮, খুলনায় ২৭৪, বরিশালে ১৪১, রংপুরে ৮০, ময়মনসিংহে ৬৯ এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটে। ওই বছর দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এরপর ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৫ সালে আক্রান্ত ১ লাখ ২ হাজার ৮৬১ জনের মধ্যে ৪১৩ জন প্রাণ হারান।











