দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও জামায়াতকে পছন্দ করে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও জামায়াতে ইসলামীর রাজনীতিকে পছন্দ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছেন।

 

রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

 

বক্তব্যে তিনি জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে বলেন, “জামায়াত অতীতে গুপ্ত রাজনীতি করেছে। তাদের দলে গুপ্ত চাঁদাবাজও রয়েছে।” তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে দলটির কিছু নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং তারা ভিন্ন নামে অর্থ সংগ্রহ করে থাকে।

 

রুহুল কবির রিজভী বলেন, “এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না।” তাঁর মতে, ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করে না।

 

জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিজেদের বিভিন্ন অপকর্ম আড়াল করতেই তারা ধর্মের অপব্যবহার করছে। পাশাপাশি সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও কুৎসা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

রিজভী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটি হওয়া উচিত তথ্যভিত্তিক ও গঠনমূলক। “মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করুন”, এ আহ্বানও জানান তিনি।

 

সংস্কৃতির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ভালো সংস্কৃতি ও দর্শন গ্রহণ করা যেতে পারে। তবে দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংস করে এমন কোনো সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে।

 

জাসাস আয়োজিত আলোচনা সভায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।