নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক জানিয়েছেন, দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
এ সিদ্ধান্তের ফলে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন, তাদের দাবি পূর্ণতা পেতে যাচ্ছে। শিক্ষামন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, ‘‘এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া হবে এবং খুব শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে।’’
এছাড়া, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তাদের বিভিন্ন দাবির মধ্যে উল্লেখ করেছেন, নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার, কোডবিহীন মাদ্রাসাগুলোর কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, আলাদা নীতিমালা ও পাঠদানের অনুমতি, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো।
বর্তমানে এক হাজার ৫১৯টি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ৩ হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষক ৩ হাজার ৩০০ টাকা অনুদান পাচ্ছেন। তবে, অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করছেন, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন, এমনটিও জানিয়েছেন তারা।











