দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লবিতে অবস্থানকালে তিনি এই ফোনালাপ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলাপকালে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন তারেক রহমান। কথোপকথনের একপর্যায়ে তিনি তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, “আমার নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে সরাসরি দেখা করার জন্য আমি অপেক্ষায় রয়েছি।”
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমান ঢাকা পৌঁছালে বিমানবন্দরে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে এই ফোনালাপকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি ইতিবাচক ও সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।











