নিজস্ব প্রতিবেদক:
দেশকে শয়তানমুক্ত করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “যতদিন শয়তান থাকবে, ততদিন এই অভিযান চলবে।”
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা প্রসারে উন্নতি হলেও মান বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে আরও উদ্যোগী হতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এবং বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যাপক ড. রসময় কীর্তনী।
স্কুলটির প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ প্রতিরোধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ.ন.ম ইমরান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনসহ অভিভাবকরা।










